আগামী রোববার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। ওইদিন বেলা আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের ‘দুঃশাসন ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।১৯ মার্চ জাতীয় সম্মেলন: আগামী ৯ মার্চের পরিবর্তে ১৯ মার্চ জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে বিএনপি। সে লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভাড়া নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।বিএনপির সূত্র জানায়, আগের নির্ধারিত তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র খালি পাওয়া যায়নি। তাই তারিখ পেছানো হয়েছে।