চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ একটি বগি উঠে যাওয়ার ঘটনায় আগামী রোববার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক এ কথা জানান।
রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার ভোরে চালক ঘুমিয়ে পড়ায় শান্টিং ইঞ্জিন ও একটি বগি লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে যায়। এই দুর্ঘটনার পর সাব লোকোমাস্টার (চালক) এ কে এম জহিরুল হক ও সহকারী লোকোমাস্টার এমরান হোসেনকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করে। একটি কমিটির প্রধান হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম মকসুদুল আরেফিন এবং অন্যটির প্রধান হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।
মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আগামী রোববার আমরা উভয় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করব। এই ঘটনায় দুই চালক যে দায়ী, তা পরিষ্কার। তবু তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য তদন্ত কমিটি শুনবে। এরপর আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’