রোববার তিব্বত হল দখল করবে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল আগামী রোববার দখল (পুনরুদ্ধার) করতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সঙ্গে সব বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপাচার্য ভবন অবরোধ শেষে এ কর্মসূচি দেওয়া হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বেলা ১১টার দিকে উপাচার্য ভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা এ সময় ভেতরে ছিলেন। পরে বেলা একটার দিকে উপাচার্য ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেলেও আবাসন-সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা। তাই তিব্বতসহ আরও ১০টি হল উদ্ধার ও নতুন হল নির্মাণকাজ শুরু না করা পর্যন্ত আন্দোলন চলবে। সমাবেশ থেকে আগামী রোববার তিব্বত হল দখলের ঘোষণাও দেওয়া হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। শরিফুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তিব্বত হল দখলের কর্মসূচি দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। কিন্তু তাঁদের কর্মসূচি সম্পর্কে অবগত নই।’