রোববার তিব্বত হল দখল করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বত হলসহ বেদখলে থাকা ১০টি হল উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ। ছবি: মুসা আহমেদ।
তিব্বত হলসহ বেদখলে থাকা ১০টি হল উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ। ছবি: মুসা আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার উপাচার্য ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

দাবি আদায়ে আগামী রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন তিব্বত হল দখল করতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ। মিছিল নিয়ে বেলা ১১টার দিকে তাঁরা উপাচার্য ভবনের সামনে যান। সেখানে তাঁরা অবস্থান নিয়ে ভবনটি অবরোধ করেন। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম র্ভুইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ভবনের ভেতরে আটকা পড়েন।

বেলা একটার দিকে উপাচার্য ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এর পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেলেও শিক্ষার্থীরা আবাসন-সুবিধা থেকে বঞ্চিত। বেদখল হওয়া হলগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। এ ছাড়া সমাবেশ থেকে আগামী রোববার তিব্বত হল দখলের ঘোষণাও দেওয়া হয়।

আন্দোলন প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। এ কারণে তাঁদের বাধা দেওয়া হচ্ছে না।