৩০তম বিসিএস পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে ১৪ মার্চ রোববার থেকে। ফরম কেনা ও জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। এবার দুই হাজার ৫৭২টি পদের বিপরীতে পরীক্ষা হবে।পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, মোট পদের মধ্যে সাধারণ ক্যাডার ৮৩১টি। প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার এক হাজার ৬৮৫টি। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ কলেজের ৫৬টি পদ রয়েছে। সাধারণ ক্যাডারগুলোর মধ্যে বিসিএস প্রশাসনে ৩০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ২০০, অডিটে ৪৩, শুল্কে ১০৬, সমবায়ে ৮, খাদ্যে ১০, পরিবার পরিকল্পনায় ২০, ডাকে ৬, রেলওয়েতে ৫, করে ৩৫, বাণিজ্যে ২, অর্থনীতিতে ১৪ ও তথ্যে ২১টি পদ রয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করে প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়ার জন্য কেবল পিএসসির নির্ধারিত ফরম-১ পূরণ করলেই চলবে। গতবারের মতো এবারও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত কক্ষে আবেদনপত্র জমা দিয়ে তত্ক্ষণাত্ প্রবেশপত্র নেওয়া যাবে। এবার ঢাকার প্রার্থীদের জন্য সবুজ, রাজশাহীর জন্য হলুদ, চট্টগ্রামের প্রার্থীদের জন্য গোলাপি, খুলনায় নীল, বরিশালে বেগুনি ও সিলেটে কমলা রঙের ফরম নির্ধারণ করা হয়েছে। প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান, তাঁকে সেই কেন্দ্রের জন্য নির্ধারিত রঙের ফরম কিনতে হবে।