রোববার থ্রিজি লাইসেন্স নীতিমালা অনুমোদিত হলে শিগগিরই নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এক বৈঠকে থ্রিজি (তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) লাইসেন্স নীতিমালা (গাইডলাইন) অনুমোদিত হলে শিগগিরই নিলাম আয়োজন করা যাবে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। বিটিআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান থ্রিজি লাইসেন্স দেওয়া, মুঠোফোন অপারেটরদের নিরীক্ষা, অবৈধ ভিওআইপি ঠেকাতে সরকারি প্রচেষ্টা এবং ইউটিউব খোলার ব্যাপারে গুগলের ‘অসহযোগিতার’ মতো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নীতিমালা অনুমোদন সাপেক্ষে শিগগিরই থ্রিজি লাইসেন্সের নিলাম আয়োজনের কথা জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, থ্রিজির জন্য তরঙ্গের (স্পেকট্রাম) দাম আরও কমানো হবে। অবৈধ ভিওআইপির মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘এর মাধ্যমে গুটি কয়েক লোক লুটে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।’ বিটিআরসি কখনোই অবৈধ ভিওআইপিকে প্রশ্রয় দেবে না দাবি করে চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে বিটিসিএলের ৭০ শতাংশ অবৈধ কল টার্মিনেশন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভিওআইপি নির্মূল করতে না পারলেও সব মিলিয়ে বৈধ কলের সংখ্যা অনেক বেড়েছে বলে দাবি করেন তিনি। সুনীল কান্তি বোস উল্লেখ করেন, ইন্দোনেশিয়ায় ৬৪ শতাংশ এবং ভারতে ৫০ শতাংশ পর্যন্ত অবৈধ ভিওআইপি কল হয়। মুঠোফোন অপারেটরগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানের নিরীক্ষা করা হবে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, ‘গতবারের অডিট নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে। কেউ কেউ আদালতেও গেছে। আমরা এগুলো চাই না। তাই আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করা হয়েছে।’ গ্রামীণফোনের নিরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আদালতে রয়েছে। এ নিয়ে কথা বলা ঠিক নয়। দেশে বিদ্যমান ইন্টারনেট সেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে ব্রডব্যান্ডের নামে যে সেবা দেওয়া হচ্ছে, তা আন্তর্জাতিক মানের নয়।’ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এখনো না খোলার পেছনে গুগলের ‘অসহযোগিতাকে’ দায়ী করেন সুনীল বোস। দ্রুত দেশে ইউটিউব খুলে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে চেষ্টা করছি।’ এ বিষয়ে বাংলাদেশে গুগল প্রতিনিধির সঙ্গেও আলাপ হয়েছে বলে জানান তিনি।