আগামীকাল রোববার দুপুরের মধ্যে শিক্ষক সমিতির সাত দফা দাবির মধ্যে অন্তত চার দফার বাস্তবায়ন এবং দৃশ্যমান উন্নতি দেখলে পরদিন থেকে ক্লাসে ফিরে যাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের চারজন সদস্যের সঙ্গে শিক্ষক সমিতির ছয় নেতার দফায় দফায় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আন্দোলনরত শিক্ষকেরা সিন্ডিকেটের সদস্যদের নিশ্চিত করেন, কাল রোববার বেলা দুইটায় শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাস চালুর বিষয়ে তাঁরা কথা বলবেন। এরপর সোমবার থেকে ক্লাস পুরোদমে শুরু হবে। সিন্ডিকেটের ও শিক্ষক সমিতির একাধিক সদস্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাঈনুল হক মিয়াজী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাসের বৈঠক হয়। সেখানে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের, সহসভাপতি মো. শামিমুল ইসলাম, এন এম রবিউল আউয়াল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, কার্যকরী কমিটির সদস্য মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ আইনুল হক উপস্থিত ছিলেন।
সূত্রটি জানায়, ওই বৈঠকে দুই শিক্ষকের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে, ইংরেজি বিভাগের প্রধানকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি, লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষককে তাঁর স্ত্রীর সামনে নাজেহালকারী ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটিতে শিক্ষক সমিতির সভাপতিকে অন্তর্ভুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া সামনের সিন্ডিকেট বৈঠকে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার ব্যাপারে আশ্বস্ত করা হয়। তবে প্রক্টর ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালককে অব্যাহতি নিয়ে এখনই কোনো পদক্ষেপ নয় বলে জানানো হয়।
প্রথম বৈঠকে এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাত আটটায় সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সঙ্গে শিক্ষক সমিতির ছয় নেতা, সিন্ডিকেটের সদস্য এ কে এম মাঈনুল হক মিয়াজী, কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য কুন্ডু গোপী দাস, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য মজিবুর রহমান মজুমদারের বৈঠক হয়। সেখানে আন্দোলনরত শিক্ষকেরা রোববার দুপুর ১২টার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দাবি জানান। পরে বেলা দুইটায় শিক্ষক সমিতি সাধারণ সভা ডেকে ক্লাস ও পরীক্ষা চালুর বিষয়ে আলোচনা করা হবে। শিক্ষক সমিতি সোমবার থেকেই ক্লাসে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এগুলোর বাস্তবায়ন হলে শিক্ষক সমিতি সাধারণ সভা করে ক্লাস ও পরীক্ষা চালুর ঘোষণা দেবে। যেহেতু সাধারণ সভায় আন্দোলনের সিদ্ধান্ত হয়েছিল, তাই সভা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক কুন্ডু গোপী দাস বলেন, শিক্ষক সমিতির ছয় নেতার সঙ্গে তাঁদের দুজন সিন্ডিকেট সদস্যের প্রথমে আলোচনা হয়। এরপর উপাচার্যের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে সংকট নিরসন হয়। এখন শিক্ষক সমিতি ক্লাস ও পরীক্ষা চালুর ঘোষণা দেবে। আশা করা যাচ্ছে সোমবার থেকে ক্লাস চালু হবে।
ছয় দফা দাবি নিয়ে শিক্ষক সমিতি গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস এবং ২২ জানুয়ারি থেকে টানা ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। এ ছাড়া দুই সপ্তাহ ধরে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস ও পরীক্ষাও বন্ধ রয়েছে।