আগামী রোববার নতুন সরকার শপথ নিতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ হচ্ছে।
গতকাল বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ২৯২ জন সাংসদের মধ্যে ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সাংসদদের শপথ নিতে হয়।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন বা পুরোনো মন্ত্রীদের মধ্যে কারা বাদ পড়বেন, সে ব্যাপারে তিনি কিছু প্রকাশ করেননি। তবে নেতারা আভাস পেয়েছেন, পুরোনো মন্ত্রীদের অনেকেই বাদ পড়বেন। বিশেষ করে যেসব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বা অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আছে, সেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
সরকার ও আওয়ামী লীগের দুজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এখন সংকটকাল। এমন কাউকে মন্ত্রিসভায় নেওয়া হবে না, যাঁদের নিয়ে নতুন সংকট তৈরি হতে পারে।
সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, রাজনৈতিক সংকটকাল বিবেচনা করে অভিজ্ঞ রাজনীতিক ও অপেক্ষাকৃত ভালো ভাবমূর্তির নেতাদের মন্ত্রিসভায় নেওয়া হতে পারে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সাংসদদের আজ শপথ গ্রহণ হবে বলে জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে শপথ অনুষ্ঠান হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করাবেন।
সাংসদদের শপথের পর শনিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হতে পারে। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচনের পর চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে।
দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।
গতকাল বেসরকারিভাবে নির্বাচিত ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যশোর-১ ও যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের নাম গেজেটে প্রকাশ করা হয়নি। কমিশনের তদন্তে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, অভিযুক্ত দুজনের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া গেলে তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের প্রার্থিতা বাতিল হবে।
গতকাল দুপুরের পর সাংসদের নামের তালিকা গেজেটে প্রকাশের জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হয়। বিকেলের মধ্যেই ছাপা হওয়া গেজেটের কিছু কপি কমিশন সচিবালয়ে পৌঁছে যায়।
এ ছাড়া আটটি আসনের স্থগিত কেন্দ্রে ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।
সংবিধান অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের আগে যেকোনো একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হয়। নির্বাচন কমিশন সে আসনগুলো শূন্য ঘোষণা করে। দশম সংসদে কেবল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬—এ দুটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি গোপালগঞ্জ-৩ আসন রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার পক্ষে এ বি এম রিয়াজুল কবীর কাউছার গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি পৌঁছে দেন।
গতকাল দুপুর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সাংসদদের টেলিফোন করে সন্ধ্যার মধ্যে ঢাকায় আসার অনুরোধ করা হয়। সন্ধ্যায় আবার তাঁদের ফোন করে আজ সকাল ১০টায় শপথ নেওয়ার কথা বলা হয়। আজ শপথের পর সাংসদদের পরিচয়পত্র দেওয়া হবে।
গতকাল সন্ধ্যার পর গণভবনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে গণভবনে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরাও আসেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে আলাদা বৈঠক করেন।