চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ইঞ্জিনসহ একটি বগি উঠে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী রোববার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক। ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন তিনি।
গতকাল বুধবার ভোরে পাহাড়তলী রেল রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেসের ১৬টি কোচ (বগি) শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে চট্টগ্রাম স্টেশনে আনার সময় ইঞ্জিনটি নির্ধারিত জায়গায় না থেমে প্লাটফর্মে উঠে যায়। ইঞ্জিন প্লাটফর্মের প্রায় ৫০ ফুট দূরে স্টেশন ভবনের দেয়ালে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্লাটফর্মের মেঝে ক্ষতিগ্রস্ত হয়।
মোজাম্মেল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আগামী রোববার আমরা দুটি তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করব। এ ঘটনায় দুই চালক যে দায়ী, তা পরিষ্কার। তবুও তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য তদন্ত কমিটি শুনবে। এরপর আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব।’
এ দুর্ঘটনায় সাব লোকো মাস্টার (চালক) এ কে এম জহিরুল হক ও সহকারী লোকো মাস্টার এমরান হোসেনকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়। দুর্ঘটনার পরই রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করে। একটি কমিটির প্রধান হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম মকসুদুল আরেফিন, অন্যটির প্রধান হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।