রোববার বেতন কমিশন গঠিত হতে পারে

দেশের ১৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য রোববার জাতীয় বেতন (পে) কমিশন গঠন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বেতন কাঠামোর কিছু কিছু সংস্কার হয়েছে। এবার বেতন কমিশন করে সমস্যার সমাধান করা হবে।
আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদ ও অডিটরস ওয়েলফয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত মহাসমাবেশ ও অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এবং মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) মাসুদ আহমেদ।
প্রসঙ্গত, ২০০৮ সালের ৩১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় বেতন কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়।