রোববার মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা আগামীকাল রোববার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন দিদার জানান, কোকোর জানাজার পর মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে, ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মালয়েশিয়ায় যেতে পারেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

কোকো মারা গেছেনআরাফাত রহমানের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এর মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ অনেকে।

এদিকে, খালেদা জিয়ার কার্যালয়ে কোরআন তিলাওয়াতের জন্য স্থানীয় একটি মাদ্রাসা থেকে কয়েকজন শিক্ষক ও ছাত্রকে নিয়ে আসা হয়েছে।

নির্বাক–মূহ্যমান খালেদা জিয়াআজ দুপুর সাড়ে ১২ টার দিকে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি সূত্র জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হলে কোকোকে মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১৭ জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। পরে সেখান থেকে তিনি মালয়েশিয়া যান।