রোববার সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানী ঢাকাসহ সব মহানগরের থানায় থানায় ও দেশের জেলা সদরগুলোতে এই কর্মসূচি পালন করা হবে।
আজ শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকায় গুম ও নিখোঁজ হওয়া বিএনপির নেতা-কর্মীদের পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের নিয়ে গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফিরিয়ে দাও’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুলিশ মিলনায়তনের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে সেখানে অনুষ্ঠান করতে না পেরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংক্ষিপ্তভাবে ওই অনুষ্ঠান করে বিএনপি।