রোববার সারা দেশে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ
বিএনপি-জামায়াতের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে আগামী রোববার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।এ সময় হেফাজতে ইসলামের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘হেফাজতে ইসলাম যদি “হেফাজতে ইসলাম” হিসেবেই থাকে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটি যদি “হেফাজতে জামায়াত” হয়ে যায়, তবে সমস্যা রয়েছে। তিনি বলেন, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি করলে সরকার কোনো বাধা দেবে না।’মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, খালেদা জিয়া দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আন্দোলনের নামে পৈশাচিক বর্বরতা চালিয়ে যাচ্ছেন।সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সতিশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাসদের কার্যকরি সভাপতি মঈন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।