রোববার হাজী দানেশে ভর্তি পরীক্ষা শুরু
আগামীকাল রোববার থেকে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ২২ মার্চ পর্যন্ত। প্রথম বর্ষে বিভিন্ন ইউনিট ও বিষয়ে মোট ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, চার মাস যাবৎ বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ শূন্য ছিল তাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। আবেদনকারীরা ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন। তবে পরীক্ষার প্রথম দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং একই দিন বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের এবং বেলা ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের বিজ্ঞান/মানবিক এবং বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল মেমোরি কার্ড, ঘড়ি, ক্যালকুলেটরসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে মর্মে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে এবং পরীক্ষা কেন্দ্রের সম্মুখ থেকে ডিসপ্লে বোর্ড থেকেও আসন বিন্যাস জানা যাবে।