রোববারের ঘটনায় জিডি করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে রোববার বিএমএ ও স্বাচিপ নেতাদের বিশৃঙ্খলার ঘটনায় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিন উদ্দিন এ খান। জিডি নং-৪০৭ (০৭.০২.১০)। রোববার রাতে করা এ জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জিডিতে বলা হয়েছে, রোববার কিছু বহিরাগত লোক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষে গিয়ে নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে গালিগালাজ ও হুমকি-ধমকি দেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কক্ষে ছিলেন না। জানা গেছে, কলেজের সচিব হায়াত হোসেন জিডিটি থানায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার দপ্তর সম্পাদক আবুল হোসেন ওরফে শাহীনের নেতৃত্বে কয়েকজন রোববার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে গিয়ে কাঠের বিভক্তি দেওয়ালে লাথি দেন ও নিয়োগ কমিটির সদস্যদের উদ্দেশ করে গালাগাল করেন। পরে তাঁরা দোতলায় গিয়ে অফিস সহকারী নাসির উদ্দিনের কাছে নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না থাকার কথা জানালে তাঁকেও গালাগাল করা হয়। তবে শাহীন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা কোনো বিশৃঙ্খলা করেননি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়মের তদন্তের প্রয়োজন, এটি বলার জন্য তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে গিয়েছিলেন।