চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রী পারাপারে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন সন্দ্বীপ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন শিক্ষকেরা। কর্মসূচিতে তাঁরা রোববারের নৌ দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন তাঁরা।
‘সন্দ্বীপ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে নৌকাডুবিতে ১৮ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। নিরাপদ নৌযানের মাধ্যমে যাত্রী পারাপার, সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ভাসমান জেটি নির্মাণ, নিহত শিক্ষকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিহত শিক্ষকদের স্ত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।
গত রোববার সন্ধ্যায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় ১৮ জন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষক। তাঁরা হলেন ওসমান গণি, আনোয়ার হোসেন ও ইউসুফ আলম।
গতকাল বেলা তিনটায় শুরু হওয়া মানববন্ধনে সন্দ্বীপের ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৫০ জন শিক্ষক অংশ
নেন। কর্মসূচিতে সংহতি জানান কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
মানববন্ধনে দেওয়া বক্তৃতায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন শিক্ষক সেদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন।
সন্দ্বীপের চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইন উদ্দিন, শিক্ষক এস এম আইয়ুব আলী, জামাল উদ্দীন, নুরুল হুদা, আজিজুর রহমান, আনোয়ারুল ইসলাম, মোয়াহেদুল মাওলা প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য দেন উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক নিঝুম খান, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান।
এদিকে গতকাল চট্টগ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রাত্যহিক সমাবেশে নিহত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, জেলার ২ হাজার ২০৬টি প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।