
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন আগামী রোববারের মধ্যে দেওয়া হবে। এ আশ্বাস দিয়েছেন দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে তিনি এ কথা জানান।
এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তনুর ডিএনএ পরীক্ষার পুরো প্রতিবেদন কামদা প্রসাদ সাহার কাছে হস্তান্তর করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।
পরে এ বিষয়ে কামদা প্রসাদ সাহা প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য যে ধরনের চাহিদা ছিল, সব চাহিদা পেয়ে গেছি। পুরো ডিএনএ প্রতিবেদন আমরা পেয়েছি। এখন সবকিছু পর্যালোচনা করে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ তিনি বলেন, তিন সদস্যের মেডিকেল বোর্ডের একজন সদস্য মো. ওমর ফারুক হবিগঞ্জ থেকে আজ বুধবার ফিরবেন। আবার তিনি নিজেও দাপ্তরিক কাজে কুমিল্লার বাইরে যাবেন। সেখান থেকে ফিরে আগামী রোববারের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে।
ডিএনএর পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য গত রোববার আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে গতকাল সিআইডি ডিএনএর প্রতিবেদন মেডিকেল বোর্ডকে দিয়েছে।
তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী মেনে নেওয়া হবে না। রোববার যেন রোববারই থাকে।
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ খুন হন। ওই দিন রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন তনুর পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তুলে কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে। এখন পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত হয়নি।