দাদা ম্যাচ কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া আগামীকাল রোববারের মধ্যে পরিশোধ করে কারখানা চালু না করলে রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলন-কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছেন কারখানার শ্রমিক নেতারা। গত বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়।কারখানার সিবিএ সভাপতি মো. দিলখোশ মিয়া বলেন, দীর্ঘ ১০ মাসের মজুরি ও বেতন বকেয়া রেখে মিলের মালিক পক্ষ অবৈধভাবে সব শ্রমিক-কর্মচারী ছাঁটাই করে কারখানা বন্ধ ঘোষণা করে। বকেয়া পরিশোধের আবেদন জানানোর পরও কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না। শিগগিরই কারখানা চালু করা না হলে এবং বকেয়া বেতন-মজুরি আগামীকালের মধ্যে পরিশোধ না করলে রূপসা সেতুসহ খুলনা শিল্পাঞ্চলে রাজপথ অবরোধসহ কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।সিবিএর সাধারণ সম্পাদক এইচ এম শাহাদৎ বলেন, ‘অবৈধভাবে কারখানা বন্ধ এবং শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করার কারণে যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য মিলের মালিক পক্ষ ভাইয়া গ্রুপের কর্ণধারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীকালের মধ্যে সব পাওনা পরিশোধসহ মিল চালু করতে হবে।’ বৃহস্পতিবার বকেয়া পরিশোধের দাবিতে কারখানার শ্রমিকেরা নগরে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেন।