রোবোটিকস নিয়ে পড়তে জাপান যাচ্ছেন বাংলাদেশি ফারহান
জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ানো হয় রোবোটিকস নিয়ে। সেখানে বৃত্তি পেয়েছেন বাংলাদেশের ফরহান ফেরদৌস। রোবোটিকসের ওপর পড়াশোনা করতে সারা বিশ্বের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই এই বৃত্তি পেয়েছেন তিনি। জাপানের উদ্দেশে ফরহানের স্বপ্ন যাত্রা শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
জাপান যাওয়ার আগে ফরহানের এই সাফল্যগাথা নিয়ে নিজেই জানালেন তাঁর কঠোর অধ্যবসায় আর সাফল্যের নেপথ্যের কথা। শোনা যাক ফরহানের নিজের মুখেই কীভাবে অর্জন করলেন জাপানের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি।
‘আমার বাবার একজন বন্ধু জাপান থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন। তাঁর জাপানি উচ্চশিক্ষা নেওয়ার কথা আমাকে বলেছিলেন। এরপর থেকেই আমি জাপানি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা নেওয়ার অপেক্ষায় ছিলাম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। এরপর আমি জাপানে উচ্চশিক্ষার চেষ্টা করতে থাকলাম। এরই মধ্যে গত বছর ডিসেম্বরে জানতে পারলাম যে, আমিই একমাত্র বিদেশি এবং প্রথম বাংলাদেশি যিনি “জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি”তে “রোবটিক অ্যান্ড কন্ট্রোল ডায়নামিকের” ওপর বৃত্তি নিয়ে গবেষণা ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছি।’ বলছিলেন ফরহান।
ফরহান জানান ‘আমিই জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিদেশি শিক্ষার্থী যে রোবটিক অ্যান্ড কন্ট্রোল ডায়নামিকের ওপর গবেষণার জন্য বৃত্তি পেয়েছি। যেখানে বিশ্বের আরও অনেক দেশের প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু আমিই এই বৃত্তি লাভ করলাম। এখন জাপানি এই বিশ্ববিদ্যালয়ে গবেষণায় সফল হতে চাই। নতুন কিছু আবিষ্কার করে বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। যা সারা বিশ্বের মানুষের উপকারে আসবে।’
ফরহানের বাড়ি সাতক্ষীরা সদরের কলবাগানে হলেও প্রাথমিক শিক্ষা শেষেই বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। এখানে নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিকে উত্তীর্ণ হন। কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেই থেকে শুরু ফরহানের ধারাবাহিক সাফল্য।
ফরহান বলেন, ‘পড়ালেখায় সফল হওয়ার সবচেয়ে বড় ব্যাপার হলো, সহপাঠীদের সঙ্গে ক্লাসের পড়া নিয়ে আলোচনা করা। সহপাঠীদের সহযোগিতা করা। ক্লাসের পড়া যদি অন্যকে বোঝানো যায়, তাহলে নিজের পড়ার কাজ অনেক এগিয়ে যায়। আর একবার ক্লাসে ভালো ফলাফলের মজা পাওয়া গেলে, শুধু ভালো ফল করতে মন চায়। এটিই পড়ালেখার সাফল্যের নেপথ্য চাবিকাঠি।’
ফরহান বলেন, ‘আমি নিজেই মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছিলাম। এ জন্য আমি বিভিন্ন কলেজের ফরমও নিয়েছিলাম; কিন্তু উচ্চ মাধ্যমিক না পড়ে পলিটেকনিকে ভর্তি হয়ে যাই। এই ভর্তিটাও এক রকম আকস্মিক। একদিন তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট ঘুরতে গিয়ে জানতে পারি, এখানে চার বছর পড়ালেখা করে প্রকৌশলী হওয়া যায়। এ জন্য আমি আর অপেক্ষা না করে এখানেই ভর্তি হই এবং প্রথম সেমিস্টারেই আমি চতুর্থ স্থান অধিকার করি। এরপরই আমার মনে হয় যে, আমি আরও ভালো করতে পারব। এরপর থেকে আমি নিয়মিত ক্লাস, ক্লাসের হোমওয়ার্ক ঠিকঠাক করা এবং সহপাঠীদের ক্লাসের পড়াশোনায় সহযোগিতা করতাম। এতে আমার নিজের পড়ায় অনেক উপকার হতো। এভাবেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমি তৃতীয় স্থান অধিকার করি।’
এরপর গত ২০০৯ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিএসসি ইন মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন ফরহান। ২০১৩ সালের অক্টোবরে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।