সাঁওতালি ভাষাভাষী শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে রোমান বর্ণমালা ব্যবহারের দাবিতে ক্ষুদ্র জাতিসত্তার ছয়টি সংগঠন ও একটি পত্রিকা গতকাল শনিবার দিনাজপুরে মানববন্ধন করেছে। দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন করা হয়।
নর্দান ইনডিজিনাস স্টুডেন্ট ইউনিয়ন, সাঁওতালি ভাষায় প্রকাশিত দ্বিমাসিক পত্রিকা তাবিথা সংবাদ, সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন, সাঁওতাল লেখক ফোরাম, বিএনইএলসি সাহিত্য বিভাগ, আদিবাসী মুক্তি মোর্চা ও সাঁওতাল সমন্বয় পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে। রোমান বর্ণমালায় সাঁওতালি ভাষায় লেখা পাঠ্যপুস্তক হাতে নিয়ে দিনাজপুরের বিভিন্ন এলাকার সাঁওতালি ভাষাভাষী জনগোষ্ঠীর শিক্ষার্থীরা ওই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বাংলাদেশ সাঁওতাল লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমরম বলেন, বর্তমান শিক্ষানীতির আলোকে সরকার বাংলাদেশে বসবাসরত ছয়টি ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের জন্য প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার শিশুরা মাতৃভাষায় লেখা পাঠ্যপুস্তক হাতে পেলেও বর্ণমালা জটিলতায় সাঁওতাল শিশুরা পাঠ্যপুস্তক হাতে পায়নি। অবিলম্বে সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে রোমান বর্ণমালা ব্যবহারের দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন তাবিথা সংবাদ-এর সম্পাদক স্টেফান সরেন, সাঁওতাল সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিয়াস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক জাকারিয়াস ডুমরি, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ হেমরম, নর্দান ইনডিজিনাস স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি জন মুরমু, দিনাজপুর আদালতের আইনজীবী রিচার্ড মুরমু, স্টুডেন্টস ফোরামের নেতা আলবিনুশ টুডু, শিক্ষক যোসেফ মুরমু প্রমুখ।