
প্রথম যখন দেখা, তখন ২০০০ সাল। সুন্দরবনের দুবলারচরে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ছোট জলাধার তৈরি করা হয়েছিল ওর জন্য। বয়স দেড় থেকে দুই বছর। সেই রোমিওর সঙ্গেই ফের দেখা গত ৩ অক্টোবর সুন্দরবনের করমজলে। কিন্তু বাচ্চা রোমিওর বয়স এখন ১৬।
দুবলারচর থেকে করমজলের কুমির প্রজননকেন্দ্রে যাওয়ার পর রোমিও জুটি বাঁধে জুলিয়েটের সঙ্গে। তাদের ছানারাই দেশের বিভিন্ন জলাশয় ও দিঘিতে সন্তর্পণে ঘুরে বেড়াচ্ছে। রোমিও-জুলিয়েটের সঙ্গে আছে আরেক কুমির দম্পতি পিলপিল ও টুকটুকিও।
প্রায় ১৪ বছর পর রোমিওর দেখা পেয়ে যে বিস্ময় জেগে ওঠে, তা আরও বেড়ে যায় বন্য প্রাণী প্রজননকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রবের সাক্ষাৎ পেয়ে। ২০০০ সালে সুন্দরবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা হয়েছিল প্রথম। জানালেন, ১৪ বছর একই জায়গায় চাকরি করে মাস দুয়েক পর অবসরে যাচ্ছেন।
রোমিওকে নিয়ে শুরু হয় গল্প। নথিপত্র ঘেঁটে জানালেন, দুবলারচরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে ২০০৬ সালের ৮ মার্চ রোমিওকে নিয়ে আসেন তিনি। ওর বয়স তখন সাত কি আট বছর। ২০০০ সালে ছানাটির সঙ্গে যখন দেখা, তখন লম্বায় ছিল ছয় থেকে আট ইঞ্চি। দুবলারচর ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন কুমিরছানাটিকে সংগ্রহ করেছিলেন। কোনো এক জেলের জালে আটকা পড়েছিল ওটি। এরপর তিনি ওকে সংগ্রহ করেন। দুবলারচরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নিচতলায় সিমেন্ট-বালুর দেয়াল গেঁথে তৈরি করেন কৃত্রিম জলাধার। সেখানেই ব্যবস্থা করা হয় নিয়মিত খাবারের। খাবার হিসেবে মাছ, কাঁকড়া ও পোকামাকড়েরও ছিল না অভাব।
বড় হওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে ওঠে রোমিও। প্রশ্ন ওঠে, বন্য প্রাণী এভাবে বাসাবাড়ির পরিবেশে পোষা যায় কি না, তা নিয়ে। পরে জিয়াউদ্দিন ও বন কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে আবদুর রব রোমিওকে নিয়ে যান করমজল কুমির প্রজননকেন্দ্রে।
করমজলে যাওয়ার আগে মংলার সাংবাদিক এম এ হাসান বলেছিলেন, সেখানে দুটি বিস্ময় অপেক্ষা করছে আমার জন্য। তাঁর কথায় তেমন একটা গুরুত্ব দিইনি। পরে কুমির প্রজননকেন্দ্রের কাছে একটি দোতলা বাংলোর সামনে গিয়ে থেমে ডাক দিলেন রব ভাই বলে। উনি বের হলেও তাঁকে চিনতে পারলাম না। এরপর হাসান পরিচয় করিয়ে দিলেন। অনেক বছর পর আমার দেখা পেয়ে রব ভাই বাংলোয় নিয়ে বসালেন। শুরু হলো স্মৃতিচারণা, গল্প।
পরে হাসান জানালেন অপর বিস্ময়ের কথা। নিয়ে গেলেন বাংলোর কাছেই একটি পুকুরে। সেখানে মাথা তুলে আছে একটি কুমির। বললেন, ওকে চেনেন? অবাক হয়ে বললাম, কীভাবে চিনব? বললেন, ওকে আপনি দেখেছেন। এরপর স্মৃতি হাতড়ে আবিষ্কার করলাম রোমিওকে। মনে পড়ল ওর কাছাকাছি কয়েক দিন কাটানোর কথা। ওকে খাবার দিয়েছি। সেবারই প্রথম দেখেছি কুমিরছানা। কৃত্রিম জলাধারে ওর দুষ্টুমির দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। সেই রোমিও আবারও চোখের সামনে! আনন্দে মনটা ভরে ওঠে। কিন্তু একটু মাথা দেখে কি আর মন ভরে?
সেই আগ্রহ মেটালেন আবদুর রব। পুকরপাড়ে এসে মোটা গলায় ডাক দিলেন, ‘রোমিও-জুলিয়েট’। দুজনই বেশ খানিকটা মাথা তুলল। এরপর বললেন, ‘কাম আপ’। সঙ্গে সঙ্গে ওরা পানি থেকে ডাঙ্গায়। রব বললেন, ‘স্টপ হেয়ার’। ওরা গেল থেমে। মুখ হাঁ করে করে রইল ওরা। এরপর ছবি তোলার হিড়িক। কুমিরও তাহলে এভাবে কথা শোনে! রবের নির্দেশ শোনে বলে উপস্থিত অন্যরাও রোমিও-জুলিয়েটকে নানা নির্দেশ দিতে লাগল। তবে ওরা চুপচাপ একটি নারকেলগাছের গোড়ায় শুয়ে রইল।
২০০৫ সালে কুমির প্রজননকেন্দ্রটির যাত্রা শুরু। এখন ২৫৫টি কুমিরছানা রয়েছে এখানে। এ পর্যন্ত প্রায় ৪০০ কুমিরছানা ফুটেছে। দেখলাম, কেন্দ্রের একেকটি জলাধারে আট-দশটি কুমিরছানা গুটিসুটি মেরে আছে।
কুমিরদের এই বিরাট সংসার ছেড়ে চলে যাচ্ছেন রব। কেন্দ্রের কয়েকজন কর্মীর আশঙ্কা, এক হাতে গড়া এই সংসার তাঁর অবর্তমানে টিকে থাকবে তো? রব জানালেন, বিলুপ্তপ্রায় এই কুমির প্রজাতির বংশবিস্তারে সাধ্যমতো চেষ্টা করেছেন। চাওয়া-পাওয়ার হিসাব করেননি। কিন্তু এখন তাঁকে বিদায় নিতেই হবে। তবে কুমিরদের এই সংসার টিকে থাকুক, সেটিই তাঁর কামনা।