রোশনারা আলীর দোয়া কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ কাল বৃহস্পতিবার। এবারের নির্বাচনে একজন বাঙালি প্রার্থী এমপি হবেন। কারণ ‘বেথনালগ্রিন ও বো’ অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীই বাঙালি। তবে এমপি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বিশ্বনাথের রোশনারা আলী। উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের আফতাব আলী ও রানু বেগম দম্পতির মেয়ে রোশনারা। তিনি ক্ষমতাসীন দল লেবার পার্টি থেকে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তিনি সিলেটবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে তাঁর সাফল্যের জন্য দোয়া চেয়েছেন। গতকাল তাঁর গ্রামের বাড়ি ভুরকীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল হয়েছে। আজ বিশ্বনাথের বিভিন্ন মসজিদে স্থানীয় ক্যাম্পেইন কমিটির সদস্য মো. পংকি খানের উদ্যোগে দোয়া মাহফিল হবে। এদিকে রোশনারার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বিশ্বনাথের স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা লন্ডনে পাড়ি জমিয়েছেন। বিশ্বনাথের সাবেক সাংসদ এম ইলিয়াস আলী দেশে অবস্থান করেও রোশনারার পক্ষে কাজ করছেন।