রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি
মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায় এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সংঘটিত সাম্প্রতিক জাতিগত দাঙ্গার পর শত শত রোহিঙ্গা নৌকা ও ট্রলার নিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় গত দুই দিনে শতাধিক রোহিঙ্গা আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরাও পড়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সাগর ও নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা রাতদিন টহল দিচ্ছেন।গত বুধবার রাত আটটা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত সরেজমিন নাফ নদী পরিদর্শন করে এই চিত্র নজরে পড়ে।দেখা গেছে, ৩৫ কিলোমিটার লম্বা নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা দ্রুত নৌযান নিয়ে টহল দিচ্ছেন। অন্ধকার রাতে টহলে ব্যবহার করা হচ্ছে দুটি আধুনিক মানের জাহাজ, ১২টি দ্রুত গতির স্পিডবোট ও চারটি কাঠের ট্রলার। তল্লাশি থেকে রেহাই পাচ্ছে না নাফ নদীতে মাছ ধরার নৌকাগুলোও।টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার জেলে জসিম উদ্দিন বলেন, তিনি সাত বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন। কিন্তু এত কড়াকড়ি আগে দেখা যায়নি।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমরা রাতদিন সমানে নাফ নদীতে সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার রেখেছি। ফলে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার নাফ নদী অতিক্রম করে উখিয়ায় অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা ২১ রোহিঙ্গাকে আটক করেন। আগের দিন মঙ্গলবার একই এলাকা থেকে আটক করা হয় ২৭ জনকে। একই দিন পুলিশ টেকনাফ থেকে আটক করে ১৭ রোহিঙ্গাকে। গতকাল দুই নারীসহ ৪৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।কক্সবাজারে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, গত সেপ্টেম্বর মাসে শুধু উখিয়ার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২৮০ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ের সুযোগ দেওয়া হবে না। রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলেও বিজিবি ও কোস্টগার্ডের তৎপরতার কারণে তারা ফিরে যেতে বাধ্য হচ্ছে। তা ছাড়া সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার প্রতিরোধেও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।