রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।
গতকাল মঙ্গলবারও ঘুমধুম সীমান্ত দিয়ে উখিয়া অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে। চলতি মাসে ১১ দিনে আটক করা হয় আরও ১৮১ জনকে।
কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা চোরাচালানসহ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাতদিন সীমান্ত পাহারা দিচ্ছেন।
রাতের অন্ধকারে নাফ নদী অতিক্রম করে উখিয়া অনুপ্রবেশের সময় রোহিঙ্গারা ধরা পড়ছে। আটক রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও সেবা দিয়ে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সামরিক শাসিত মিয়ানমারের আরাকান রাজ্যে কাজের আকাল চলছে। হাজার হাজার রোহিঙ্গা বেকার জীবন কাটাচ্ছে। আয়রোজগারের জন্য রোহিঙ্গারা মাতৃভূমি ত্যাগ করে বাংলাদেশে পালিয়ে আসছে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, বর্তমানে উখিয়া ও টেকনাফের পাহাড় জঙ্গলে অবৈধভাবে বসতি করছেন অন্তত তিন লাখ রোহিঙ্গা। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে- ছিটিয়ে বসতি করছেন আরও দুই লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু তার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।
রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সীমান্তে বিজিবি এবং নদীতে কোস্টগার্ড বাহিনী সক্রিয় রয়েছে।