রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত দুই দিনে (মঙ্গল ও বুধবার) অনুপ্রবেশের সময় আটক করা হয়েছে ৭৯ রোহিঙ্গাকে। যদিও এই তিন উপজেলার প্রায় ১২০ কিলোমিটার বাংলাদেশ সীমান্তজুড়ে বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রতিদিন সকাল, সন্ধ্যা ও রাতে সীমান্তের প্রায় ৪০টি চোরাই পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বিজিবি সূত্র জানায়, গত ২৯ আগস্ট বিকেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল ধাওয়া করে মিয়ানমারের ১২ রোহিঙ্গাকে আটক করে। এঁরা হলেন সে দেশের মংডু শহরের ঢেকুবনিয়া ও জামুন্না গ্রামের মো. ইউনুস (৬৩), তাঁর ছেলে জাহিদ আলম (১৬), আনিচুর রহমান (৮০), তাঁর ছেলে নুরুল আমিন (১৫), ভাই মাহমুদ হোসেন (৩০), ছেলে নুরুল ইসলাম (৮), মেয়ে রোমানা ইয়াসমিন (৫), সানোয়ারা বেগম (৩০), আবুল কাশেম (২২), মো. ফারুক (২০), রাবু আলম (২২) ও আবদুর রশিদ (২৫)।কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের তৎপর রাখার পরও সুযোগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। স্থানীয় কিছু লোক অনুপ্রবেশের সঙ্গে জড়িত। ইতিমধ্যে ওই চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় লোকজনের সতর্ক থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন মাসে (জুন, জুলাই, আগস্ট) নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ তিন হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করে। পরবর্তী সময়ে এদের সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এর সত্যতা নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী বলেন, সরকারের নির্দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সীমান্তে কড়াকড়ি নীতি আরোপ করা হয়েছে। মিয়ানমারের একজন রোহিঙ্গাকেও ঠাঁই দিতে রাজি নয় সরকার।