রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িতে ধরা পড়েছে ছয় হাজার ২৫৯ রোহিঙ্গা মুসলমান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মানবিক সাহায্য ও সেবা দিয়ে আটক রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফেরত পাঠালেও অনেকে রাতের অন্ধকারে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থানীয় লোকজন বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ, বাহারছড়া, শামলাপুরসহ উপকূলীয় ঝাউবাগানের ভেতরে এবং টেকনাফ ও উখিয়ার কয়েকটি সংরক্ষিত পাহাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বসতি করলেও প্রকৃত হিসাব কারও কাছে নেই। কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কয়েক লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর আগে নির্দিষ্ট একটি জায়গায় জড়ো করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি। অন্যথায় এসব রোহিঙ্গা সারা দেশে আত্মগোপন করলে বড় সমস্যায় পড়তে হবে।টেকনাফ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, প্রতিদিন রাতে নাফ নদী অতিক্রম করে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং সমুদ্র উপকূলের ঝাউবাগানে আশ্রয় নিচ্ছে। তারপর সুযোগ বুঝে পুরুষেরা স্ত্রী ও ছেলেমেয়েদের রেখে আয়-রোজগারের জন্য ট্রলারে চড়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলার তুমব্রু, বালুখালী, ঘুমধুম, পালংখালী, আমতলীসহ বিভিন্ন স্থান থেকে ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দুই হাজার ৩২৬ রোহিঙ্গাকে আটক করেন। অন্যদিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, নয়াপাড়া, কাটাবুনিয়া, নীলা, হোয়াইক্যং, লেদাসহ বিভিন্ন স্থান থেকে ৪২ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা আটক করেন দুই হাজার ৬৬০ রোহিঙ্গাকে। পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা আটক করেন আরও এক হাজার ২৭৩ রোহিঙ্গাকে। কিন্তু তার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, গত বছর অনুপ্রবেশের সময় ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হলেও গ্রামগঞ্জে ঢুকে পড়ে আরও ৫০ হাজারের বেশি রোহিঙ্গা। এদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার রয়েছে। অনুপ্রবেশের সময় রোহিঙ্গারা ধরা পড়লে মানবিক সেবা দিয়ে তাদের আবার ফেরত পাঠানো হচ্ছে। তার পরও রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। স্থানীয় লোকজন সহযোগিতা না করলে পুরোপুরি রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সরকার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। এর পরও যারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, তাদের ধরে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। দেশে অবস্থানরত অন্য রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চলছে।