ইয়াবা পাচার, চোরাচালান, মানব পাচার, খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ঘটবে। রোহিঙ্গা সমস্যা কক্সবাজার ও বান্দরবান জেলার প্রধান বিষবৃক্ষ। ‘রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে স্থানীয় জনগণের করণীয়’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান এসব কথা বলেন।
গতকাল সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ হয়। অনুষ্ঠানে স্থানীয় লোকজন দেশের স্বার্থে মিয়ানমারের রোহিঙ্গাদের আর আশ্রয়-পশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন। যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, নিজের সামান্য অনৈতিক লাভের আশায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ কেউ রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশে সহযোগিতা করছেন। স্থানীয় মানুষের এই মনোভাবের পরিবর্তন না এলে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাবে না। তিনি বলেন, কক্সবাজারের দুটি ক্যাম্পে ৩২ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করলেও কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসত করছে আরও অন্তত পাঁচ লাখ রোহিঙ্গা। এদের কারণে স্থানীয়রা বেকার হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর মো. সাফায়েত শাহিদুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির আহমদ, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, তুমব্রু সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুল হক, তুমব্রু ছাত্রকল্যাণ পরিষদের নেতা হেলাল উদ্দিন প্রমুখ।