রোহিঙ্গা ইস্যু ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সহিংসতার জেরে মিয়ানমার থেকে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে ৭৫ হাজারের মতো রোহিঙ্গা মুসলমান। এই বিশাল জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ক্ষেত্রে শরণার্থী হিসেবে যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি বাংলাদেশ। এমন মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

এইচ টি ইমাম গতকাল মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেছেন, ‘আমরা যদি জার্মানি-টার্কির মতো ওইভাবে তুলে ধরতে পারতাম, তাহলে বোধ হয় আমাদের অনেক সুবিধা হতো। আমি বলব এই যে দ্বিমুখী নীতি, এর ফলেই পশ্চিমা জগতে দ্বিমুখী নীতি। এর ফলেই আজকে আমাদের এই অবস্থা। তা না হলে এমনটা হতো না।’

এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিকভাবে যথাযথ উদ্যোগ নিতে পারেনি। এইচ টি ইমাম আরও বলেন, ‘যে রকমভাবে এটা (রোহিঙ্গা ইস্যু) প্রকাশ্যে নিয়ে আসা উচিত ছিল এবং বিভিন্ন মহলের যে রকম চাপ দেওয়ার কথা ছিল, সে রকমভাবে তো করেন নাই।’

কয়েক লাখ রোহিঙ্গা মুসলমানকে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের বিষয়ে মিয়ানমার সরকারকে যথাযথ চাপ দিচ্ছে না বাংলাদেশ সরকার। এমনটি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন। তিনি বলেন, বাংলাদেশ বৃহৎ রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্বার্থের কথা বিবেচনা করে রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক অ্যাজেন্ডা হিসেবে উপস্থাপন করেনি।