রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় লিডার্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ফটোসেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় লিডার্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ফটোসেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমারের শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এবং এর সমাধান হওয়া উচিত।’
বৈঠকের পরে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, এ সমস্যা নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমার সফর করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় মিয়ানমারের শরণার্থী সমস্যার প্রসঙ্গটি এসেছে। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তা গ্রহণ করেন।
শান্তিপূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান
শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইওআরএ সম্মেলনের একটি অধিবেশনে দেওয়া ভাষণে জোটের নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে মহাসাগর ও সমুদ্রপথ উন্নয়নের মাধ্যমে রিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে রূপান্তরের প্রচেষ্টা চালানো। আসুন সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় নিজেদের উৎসর্গ করি।’
বাংলাদেশকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে এর সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবহারের ওপরই ভবিষ্যতের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্যনিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিহিত। সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ বিরোধ মীমাংসা আমাদের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। যদিও আমরা এ বিষয়টি সম্পূর্ণ অবগত, সমুদ্র এলাকার সম্পদ আহরণের সামর্থ্যের ওপরই আমাদের এই সাফল্য নির্ভর করছে।’
প্রধানমন্ত্রী সমুদ্র অংশীদারি জোরদারে ‘আইওআরএ কনকর্ড’ এবং এর কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আইওআরএ নেতাদের ধন্যবাদ জানান।
এফটিএ সইয়ের প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ
সম্মেলনের পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এ বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে জানান মাইথ্রিপালা সিরিসেনা।
ভিসা সহজীকরণের অনুরোধ ইউএইকে
জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিমন্ত্রী মাইথা সালেম আল-শামসি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানব্যবস্থা সহজ করতে দেশটির প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় তাঁর সংশ্লিষ্ট সহকর্মীর সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংও একই জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা করেন।
পরে প্রধানমন্ত্রী আইওআরএ নেতাদের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিন দিনের সফর শেষে শেখ হাসিনার আজ বুধবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।