রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে ভারত। রোহিঙ্গাদের দ্রুত শর্তহীন প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করবে তারা। বাংলাদেশ ভারতের কাছে এই প্রত্যাশা করে।
বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার দুপুরে নয়াদিল্লিতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সময়ে পরিকল্পনামন্ত্রী এই কথা বলেন। অরুণ জেটলি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। পরিকল্পনামন্ত্রী চার দিনের সফরে ভারতে এখন আছেন।
অন্যদিকে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু অর্থনৈতিক ও সামাজিক সূচকের অগ্রগতি হয়েছে। যেমন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ এবং গড় আয়ু ৭২ বছরে উন্নীত হয়েছে।
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আরও বলেন, বাংলাদেশকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে আরও বেশি জোর দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক পথে যোগাযোগ স্থাপিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মানুষ লাভবান হবে।
অন্যদিকে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ভারতের তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ৪৫০ কোটি ডলার ঋণে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, জাহাজ চলাচল, বন্দরসহ বিভিন্ন অবকাঠামো খাতে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ।
বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা নিয়ে ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আ হ ম মুস্তফা কামাল। এই বিষয়ে তিনি বলেন, আগামী ১০০ বছরে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে সেই পরিকল্পনা চলছে। বদ্বীপ পরিকল্পনায় বন্যা, নদীভাঙন, নদীশাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে।