রোহিঙ্গা ইস্যুতে ২২ পদক্ষেপ: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

রোহিঙ্গা সমস্যা ও এ ব্যাপারে সরকার ২২টি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার সচিবালয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে, রোহিঙ্গাদের ১৪টি পয়েন্টে কক্সবাজারে খাদ্য এবং ত্রাণ সরবরাহ করা, পয়োনিষ্কাশনের জন্য ১৬ হাজার শৌচাগার নির্মাণ, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া, নিরাপত্তার জন্য ১৫টি চৌকি স্থাপন, ৪২টি ভ্রাম্যমাণ নিরাপত্তা টহল দল, দুই হাজার একর জমিতে শরণার্থীদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ প্রভৃতি।

মন্ত্রী জানান, সরকার রোহিঙ্গা ইস্যুতে মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক তিন ধরনের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলো নিয়ে সরকার কাজ করছে। এগুলোর মধ্যে কিছু তাৎক্ষণিক, কিছু স্বল্প ও কিছু দীর্ঘমেয়াদি বলে তিনি জানান।

তথ্যমন্ত্রী মিয়ানমারের অভ্যন্তরে যে গণহত্যা চলছে, সে জন্য জাতিসংঘের মাধ্যমে তদন্ত কমিটি করাসহ বেশ কয়েকটি দাবি জানান।

রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে ঘায়েল করার চক্রান্তের জাল বোনার ব্যর্থ চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।