রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিতে যাচ্ছে কত শিশু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার সেনাবাহিনীর হাতে ধর্ষিত হওয়ার পর অনেক নারীই অন্তঃসত্ত্বা অবস্থায় পালিয়ে আসেন বাংলাদেশে। প্রথম আলো ফাইল ছবি
মিয়ানমার সেনাবাহিনীর হাতে ধর্ষিত হওয়ার পর অনেক নারীই অন্তঃসত্ত্বা অবস্থায় পালিয়ে আসেন বাংলাদেশে। প্রথম আলো ফাইল ছবি

আয়েশা আক্তার (ছদ্মনাম), ৩৪ বছর বয়সের এক রোহিঙ্গা নারী। গত বছরের আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় অন্তঃসত্ত্বা ছিলেন। তবে মা হবেন, এটি কোনো আনন্দের অনুভূতি ছিল না তাঁর কাছে। বরং কলঙ্ক লেগেছে গায়ে—এই আতঙ্কে পালিয়ে আসার সময় বাড়তি চাপে ছিলেন আয়েশা।

সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বাংলাদেশের শরণার্থী শিবিরে অন্তঃসত্ত্বা নারীদের অবস্থা তুলে ধরা হয়েছে। উঠে এসেছে আয়েশার গল্প।

২০১২ সালে মিয়ানমারে থাকতে স্বামীকে হারান আয়েশা। স্বামী হারানোর পর দুবার ধর্ষিত হন তিনি। ২০১৬ সালে রাখাইন রাজ্যে হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সে সময় তারা ধর্ষণ করে আয়েশাকে। পরে আবার ২০১৭ সালে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে ধর্ষণ করেন তাঁর সন্তানদের সামনে। এ ঘটনার কয়েক সপ্তাহ পর আয়েশা টের পান তিনি অন্তঃসত্ত্বা। লোকলজ্জা আর কলঙ্কের ভয়ে গ্রামের কাউকে কিছু বলতে পারছিলেন না।

তবে রাখাইন রাজ্যের সবাই জানে, মিলিটারিরা যখন আক্রমণ করে, ঘরে ঘরে গিয়ে নারীদের ধর্ষণ করে। যুগ যুগ ধরেই যেকোনো যুদ্ধে বা হামলায় ভয়ংকর এই নির্যাতনের শিকার হন নারী। তাই কিছুদিনের মধ্যেই আয়েশার গর্ভধারণের বিষয়টি আঁচ করতে পারেন গ্রামবাসী। একজন বিধবা নারী অন্তঃসত্ত্বা—এ যে কত বড় লজ্জা, তা যেন প্রতিবেদককে ভাষায় বোঝাতে পারছিলেন না আয়েশা।

নিরুপায় আয়েশা বিষয়টি গোপন রাখতে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান ভ্রূণ নষ্ট করতে। কিন্তু অনেক চেষ্টার পরেও বেঁচে থাকে তাঁর পেটের সন্তান। পরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থীশিবিরে আশ্রয় হয় তাঁর। এখানে এসেও পেটের সন্তান নষ্ট করতে চেয়েছিলেন। তবে অনেক দেরি হয়ে গেছে তখন। সন্তান নষ্ট করতে গেলে নিজের জীবন নিয়েই শঙ্কা ছিল তাঁর। পাঁচ সন্তানের কথা ভেবে জীবনের এই ঝুঁকি নেননি তিনি।

গত ২৬ জানুয়ারি জন্ম নেয় আয়েশার ছেলে ফায়াজ। মায়ের ওপর ভয়ংকর মানবিক ও শারীরিক কষ্ট গেলেও ফায়াজ সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ সবল হয়ে জন্ম নেয়। ফায়াজের জন্মের পর আয়েশার পরিবার দু ভাগে ভাগ হয়ে যায়। এমনকি শরণার্থী শিবিরের মানুষেরাও। আয়েশার বড় দুই মেয়ে ফায়াজকে ভাই বলে মানতে চায় না। আবার কেউ কেউ বলেছেন, আয়েশা তো পরিস্থিতির শিকার। ওর কী করার ছিল?

অবশেষে দুই মেয়েকে নিজের কষ্টের কথা বোঝাতে সক্ষম হয়েছেন আয়েশা। মায়ের কষ্ট তো মেয়েরাই বুঝতে পারে। তারা মেনে নিয়েছে ভাইকে। আয়েশা বলেন, মেয়েরা ওর সঙ্গে খুব খেলে। হয়তো ভাইকে ওরা ভালোবেসে ফেলেছে।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। গণহত্যা, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, জীবন্ত পুড়িয়ে ফেলা, নারীদের ধর্ষণসহ ভয়াবহ সহিংসতার শিকার হয় ওই রোহিঙ্গারা। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে কতজন আসলে আয়েশার মতো, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হাতে ধর্ষিত হওয়ার পর অনেক নারীই অন্তঃসত্ত্বা অবস্থায় পালিয়ে আসেন বাংলাদেশে। এরপর নয় মাস অতিবাহিত হয়েছে। তাঁদের অনেকেরই এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে।

চিকিৎসাবিষয়ক দাতব্য সংগঠন মেডিসিন স্যান ফ্রন্টিয়ার্স (এমএসএফ), বাংলাদেশে শরণার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছে। এমএসএফ জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়েশার মতো ২২৪ জনকে চিকিৎসা দিয়েছে তারা। তবে মূল সংখ্যা অনেক অনেক বেশি। সেভ দ্য চিলড্রেন বলছে, জন্ম দেওয়ার পর অনেক শিশুকেই পরিত্যাগ করছেন মায়েরা। তাদের যত্ন নেওয়ার বা বড় করার সামর্থ্য নেই এই মায়েদের। অনেক মায়ের বয়সই ১৮ বছরের নিচে। এর আগে এক প্রতিবেদনে আন্তর্জাতিক এই সংস্থাটি জানায়, ২০১৮ সালে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীরা অন্তত ৫০ হাজার সন্তান জন্ম দেবে। সংস্থাটির তথ্যমতে, ওই ৫০ হাজার হিসাবে বছরের প্রতিদিন অন্তত ১৩০ রোহিঙ্গা শিশু জন্ম নেবে।

বাংলাদেশভিত্তিক রোহিঙ্গা সম্প্রদায়ের মুখপাত্র কো কো লিন বলেন, তাঁরা মিয়ানমার সৈন্যদের হাতে ধর্ষণের শিকার এমন ১৫ জন নারী পেয়েছেন, যাঁরা অন্তঃসত্ত্বা। তবে তিনি জানেন এই সংখ্যা আরও অনেক বেশি। তিনি বলেন, অনেক শিশু ইতিমধ্যে জন্ম নিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে যারা জন্ম নেবে, কোনো সামাজিক চাপে তাদের ফেলা হবে না। তারা রোহিঙ্গা মায়ের সন্তান হিসেবে পরিচিতি পাবে।

হিউম্যান রাইটস ওয়াচের এক জরিপে দেখা যায়, গত নভেম্বর পর্যন্ত সৈন্যদের দ্বারা যৌন নির্যাতনের শিকার এমন দুই-তৃতীয়াংশ নারী কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাননি।