রোহিঙ্গা ঠেকাতে ক্যাম্প, টেকনাফ বন্দর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকান রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে টেকনাফ-মিয়ানমার সীমান্ত-বাণিজ্য ও ট্রানজিট চার দিন ধরে বন্ধ রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিন সেন্ট মার্টিন থেকে উখিয়ার মনখালীর ঘাট পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উখিয়ার মনখালীতে অস্থায়ী যৌথ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মনখালী থেকে সেন্ট মার্টিন পর্যন্ত নৌযান চলাচল সীমিত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনী ও কোস্টগার্ড ওই এলাকায় টহল দিচ্ছে। এদিকে টেকনাফ সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল জোরদার করা হলেও সোমবার ভোরে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত এলাকা দিয়ে এক পরিবারের নয়জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা হলো: মিয়ানমারের গোয়ালিয়ার ডিল এলাকার বাসিন্দা সকিনা বেগম (৭০), রেহেনা বেগম (২৫), জহুরা খাতুন (৪০), আবদুল আমিন (৩০), খালেদা বেগম (১৪), মো. নয়ন (৯), সুবেদা বেগম (৭), নূর ফাতেমা (৬) ও নূর হাকিম (২)।সকিনা বেগম ও জহুরা খাতুন জানান, মিয়ানমারে আকিয়াব এলাকায় তাঁদের ঘরবাড়িতে লুটপাট চালিয়ে লোকজন ধরে নিয়ে হত্যা করছে দেশটির সেনাবাহিনী। একটি ট্রলারে করে তাঁরা বাংলাদেশের পথে পাড়ি দিয়েছেন। বিজিবি ও কোস্টগার্ডের বাধায় দুই দিন সাগরে ভাসার পর সোমবার ভোরে বাংলাদেশে পৌঁছান। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির স্থানীয় কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে টেকনাফ বন্দরের জেটিতে কোনো ট্রলার দেখা যায়নি। টেকনাফ স্থলবন্দরের অভিবাসনকেন্দ্র ও এক দিনের ট্রানজিট ঘাট দিয়ে যাতায়াত বন্ধ থাকতে দেখা যায়। টেকনাফ অভিবাসন কর্মকর্তা আবদুল কাদের সিদ্দিকী জানান, মিয়ানমার সরকার নৌপথ বন্ধ রাখায় বাংলাদেশি আটজন নাগরিক আটকা পড়ে আছেন। পাশাপাশি বাংলাদেশে মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী আটকা পড়েছেন। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে দুটি পণ্যবোঝাই ট্রলার গত বৃহস্পতিবার বন্দরে আসে। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে গত সোমবার পণ্য খালাস না করেই তা ফিরে যায়। চট্টগ্রামে আসাদগঞ্জ এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আল-মদিনা স্টোরের শওকত আলী জানান, ওই দুটি ট্রলারে তাঁরসহ সাতজন ব্যবসায়ীর পণ্য ছিল। ট্রলারটি মিয়ানমারে ফিরে যাওয়ায় মালামালগুলো লুট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।টেকনাফ বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক আবদুল মোহাইমেন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাহীনতার কারণে দুটি ট্রলার ফিরে গেছে—এটা সত্য নয়। মিয়ানমারের সংঘাত শুরুর পর চার দিন ধরে উভয় দেশ থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’ টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা কাজী আবুল হোসাইন জানান, মিয়ানমারের দাঙ্গার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রতিদিন ৪০ লাখ টাকার বেশি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।