রোহিঙ্গা নিতে মিয়ানমারকে চাপ দেবে ওআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ইসলামি দেশগুলোর সহযোগিতাবিষয়ক জোট ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) চেয়ারম্যান রশিদ আল-বালুসি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারকে আরও চাপ দেবে ওআইসি। রোহিঙ্গাদের বসতভিটাও ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন ফোরামে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবে।

আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করে ওআইসির একটি প্রতিনিধিদল। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলা শেষে এমন মন্তব্য করেন রশিদ আল-বালুসি।

বেলা সোয়া দুইটার দিকে ১৩ সদস্যের প্রতিনিধিদলটি সড়কপথে কক্সবাজার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছায়। এ সময় ওআইসির বাংলাদেশের প্রতিনিধি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির তাঁদের সঙ্গে ছিলেন।

প্রতিনিধিদলটি কুতুপালং শিবিরে গিয়ে প্রথমে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তাঁরা ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন।

ওআইসির প্রতিনিধিদলকে রোহিঙ্গা সদস্যরা বলেন, গত বছরের ২৪ আগস্ট সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত অত্যাচার–নির্যাতন শুরু করে। গুলি করে হত্যা, নারীদের ধর্ষণসহ আগুন দিয়ে রোহিঙ্গাদের হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছে। নাগরিকত্বসহ মৌলিক অধিকার পুনরুদ্ধারে রোহিঙ্গারা ওআইসির সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক মো. আলী হোসেন ভিডিও চিত্রের মাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি ও সংকটের সার্বিক চিত্র প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।

বৈঠক শেষে জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখতেই তাঁরা (প্রতিনিধিদল) কক্সবাজার আসেন। বৈঠকে তাঁরা জানতে চেয়েছেন, রোহিঙ্গাদের জন্য আর কী কী সহযোগিতা দরকার। ওআইসি আরও সহযোগিতা দিতে ইচ্ছুক। প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে ওআইসি মহাসচিবের কাছে প্রতিবেদন তুলে ধরবেন। কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলটি আগামীকাল শুক্রবার উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফেরার কথা।