
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা-নির্যাতন ও তাঁদের দেশ থেকে বিতাড়নের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় গতকাল সোমবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
রাজবাড়ীতে সকালে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের জেলা সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক গোলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী প্রমুখ।
ফরিদপুরে বিকেলে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রোহিঙ্গাদের স্থায়ীভাবে মিয়ানমারে বসবাসের সুযোগ দিতে জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেন।
বরিশাল নগরের বান্দ রোডে সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল জেলা, মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। দুপুরে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে পৃথক মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখা।
নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে শহরের ডালপট্টি মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।
শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুরে মানববন্ধনের আয়োজন করে শেরপুরের সাহিত্য সংগঠন কবি সংঘ। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আয়োজক সংগঠনের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল আলীম তালুকদার প্রমুখ।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য নিজামুল কবির, শিক্ষক মিরাজ মিয়া প্রমুখ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাউল কল্যাণ ফেডারেশনের ব্যানারে দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেন বাউলশিল্পীরা। ফেডারেশনের চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও মহাসচিব বাউল সৈয়দ আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাউল ফেডারেশনের উপদেষ্টা কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাউল কালা মিয়া প্রমুখ।