রোহিঙ্গা নিপীড়নে 'গণহত্যার বৈশিষ্ট্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের দূত ইয়াংহি লি
মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের দূত ইয়াংহি লি
>
  • সিউলে সংবাদ সম্মেলন করেছেন ইয়াংহি লি।
  • ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা।
  • ২৯ জানুয়ারি পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
  • বিরতি দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এখনো চলছে। 

মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের দূত ইয়াংহি লি বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অভিযানে ‘গণহত্যার বৈশিষ্ট্য’ পাওয়া যায়।

বাংলাদেশে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার পর গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে ইয়াংহি লি এ মন্তব্য করেন। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, বিশ্বাসযোগ্য কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা আদালতে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তিনি গণহত্যার ব্যাপারে সরাসরি কোনো ঘোষণা দিতে পারেন না। অবশ্য তিনি বলেন, ‘আমরা এ ধরনের আলামত দেখছি এবং ধীরে ধীরে তা জোরালো হচ্ছে।’

গত ডিসেম্বরে পক্ষপাতিত্বের অভিযোগ এনে জাতিসংঘের মানবাধিকার পরিষদের নিযুক্ত মিয়ানমারের মানবাধিকার–বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লির মিয়ানমার সফরে নিষেধাজ্ঞা আরোপ করে অং সান সু চির সরকার। ফলে গত বছরের ফেব্রুয়ারির মতো রাখাইন ঘুরে বাংলাদেশে আসার পরিকল্পনা নিলেও তিনি এবার মিয়ানমার যেতে পারেননি। তাই গত ১৮ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসেন। এ সময় কক্সবাজারের শিবিরগুলোতে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। পরে থাইল্যান্ড হয়ে দক্ষিণ কোরিয়া ফিরে যান। বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে তিনি আগামী মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রতিবেদন দেবেন।

জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে—এই অজুহাতে গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই নৃশংসতা থেকে প্রাণে বাঁচতে এ বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বিরতি দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এখনো চলছে।

মিয়ানমারের গু দার পিনে পাঁচটি গণকবর নিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ইয়াংহি লি বলেন, তাঁর কাছে ওই গ্রামের বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তবে এ ঘটনায় একধরনের নমুনা পাওয়া যায়। তাঁর মতে, এ ধরনের প্রতিবেদনের বিষয়ে তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, ‘এ জন্যই আমরা উত্তর রাখাইনে তথ্য অনুসন্ধানী মিশন ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশের আহ্বান জানিয়েছি। মিয়ানমারের পদক্ষেপ মানবতাবিরোধী অপরাধের শামিল। এসব গণহত্যার বৈশিষ্ট্যের অংশ।’

জাতিসংঘের বিশেষ দূত মনে করেন, মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ রয়েছে, তা দূর করার স্বার্থে দেশটির দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লোকজন ও তাদের পরিবারের প্রতেক্যেরই একটা উত্তর পাওয়ার অধিকার রয়েছে। তাই সব ধরনের পদক্ষেপই নেওয়া দরকার।