রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।

গতকাল তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট ও কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে কুতুপালংয়ের দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

শরণার্থী শিবির পরিদর্শনের পর অ্যালিসন ব্লেক বলেন, শিবির পরিদর্শন করে তাঁরা রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা সম্পর্কে জেনেছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা নির্যাতন এবং ধর্ষণ ও হত্যার বর্ণনা দিয়েছেন। এ নির্যাতন গণহত্যার শামিল।

কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবাধিকার রক্ষায় তাদের উদ্যোগ প্রশংসনীয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় সবার একযোগে কাজ করা উচিত।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গারা যাতে নিজের দেশে ফিরতে পারে, আর যাতে নির্যাতনের শিকার না হয়, সে জন্য আন্তর্জাতিকভাবে আরও জোরালো উদ্যোগ নেওয়া দরকার।

গতকাল বেলা ১১টায় তিনজন রাষ্ট্রদূত উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে যান। এ সময় তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সদ্য পালিয়ে আসা অন্তত ৩০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গা কামাল উদ্দিন বলেন, রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করতে সেখানকার সেনাবাহিনী ও পুলিশ পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালাচ্ছে। রোহিঙ্গারা যাতে দ্রুত এলাকা ত্যাগ করে, সে জন্য গণধর্ষণ ও শিশুদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের কয়েক হাজার ঘরবাড়ি।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, গত চার মাসে (অক্টোবর-ফেব্রুয়ারি) রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশের অন্তত ২৩টি গ্রাম থেকে ৯০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বেলা একটার দিকে তিনজন রাষ্ট্রদূত পাশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। ১৯৯১ সাল থেকে এই শিবিরে অবস্থান করছে প্রায় ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থী।

রাষ্ট্রদূতেরা প্রথমে এই শিবিরের একটি স্কুল পরিদর্শন করেন। কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রহিম রাষ্ট্রদূতদের বলেন, এই শিবিরে স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা উন্নয়নমূলক কাজে রোহিঙ্গাদের সম্পৃক্ততা আছে। তিনি বলেন, মিয়ানমারের অনীহার কারণে ২০০৫ সাল থেকে প্রত্যাবাসন কার্যক্রম বন্ধ থাকায় রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফিরে যেতে পারছে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছাইলাউ মারমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ মো. শামশুদ্দোজা।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় তিনজন রাষ্ট্রদূত কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান বলেন, ওই বৈঠকে তিন রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।