রোহিঙ্গা নির্যাতন বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদে গতকাল শনিবার যশোর ও বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি থেকে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে ও তাদের নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা ইমাম পরিষদের উদ্যোগে সমাবেশ হয়। সংগঠনের সভাপতি আনোয়ারুল করীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহসভাপতি রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক নাজির উদ্দীন, সহসম্পাদক মো. আবদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে যে গণহত্যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে রোহিঙ্গা মুসলিমদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
পাথরঘাটায় শহরের শেখ রাসেল স্কয়ারে সকালে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে ‘জমিয়তে উলামায়ে আহনাফ’। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বেশ কয়েকটি মসজিদের মুসল্লিসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক। বক্তব্য দেন পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের খতিব এইচ এম গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা এম এ খালেক, ইসলামী আন্দোলনের নেতা শাহনেওয়াজ ফয়সাল প্রমুখ।