রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি

রোহিঙ্গা মুসলমান গ্রামে অগ্নিসংযোগ, নারী-শিশুসহ সাধারণ নাগরিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শনিবার বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
গতকাল বিকেল চারটায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সম্মুখে মানববন্ধন ও সমাবেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ববাসীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সমাবেশ ও মানববন্ধন শেষে মিয়ানমারে সাম্প্রদায়িক আগ্রাসন সৃষ্টির জন্য শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী ও ক্ষমতাসীন সরকারের স্টেট কাউন্সিলর অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়।
জেলা যুবদলের সভাপতি পারভেজ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ বাবলু, মাসুম রেজা খান, মাওলা রাব্বি শামীম প্রমুখ।
ভোলা শহরের সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে এ মানববন্ধনে বক্তব্য দেন দ্বীপমোহনা শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক ও ইসলামী আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগীত পরিচালক মুহা. ইউসুফ আদনান, এইচ এম শোয়াইব মাহমুদ প্রমুখ।
ঝালকাঠিতে সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মানববন্ধনের আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ধ্রুবতারার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ মধু সভাপতিত্ব করেন।