রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর গুলিবর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। কক্সবাজার পৌরসভা ভবন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার শাখা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আমজাদ হোসেন, প্রকৌশলী কানন পাল, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি উদয় শংকর পাল, জেলা বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক বঙ্কিম বড়ুয়া, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দীন, জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
আবু মোর্শেদ চৌধুরী বলেন, অত্যাচার-নির্যাতনের কারণে রোহিঙ্গারা পালিয়ে আসছে। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা বস্তি ও পাহাড়-জঙ্গলে আশ্রয় নিচ্ছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করা দরকার।
অন্যান্য বক্তা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চির তীব্র সমালোচনা করেন। নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।