রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে জাতিসংঘের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিডও সদস্য ইন্দিরা জয়সিংকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারপারসন রাধিকা কুমারাস্বামী ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক পরামর্শক ক্রিস্টোফার ডমিনিক সিডোটি।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভাপতি জোয়াকুইন আলেক্সান্ডার মাজা মার্তেলি গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেন। মিয়ানমারে জাতিসংঘ তথ্যকেন্দ্রের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তের জন্য গঠিত তথ্যানুসন্ধান দলটি সেপ্টেম্বরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে মৌখিকভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যের সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করবে। আগামী বছরের মার্চে কাউন্সিলের ৩৭তম অধিবেশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমিটি জেনেভায় আলোচনায় বসে সামনের মাসগুলোতে তাদের কাজের পরিকল্পনা ঠিক করবে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৪তম অধিবেশন শেষে গত ২৪ মার্চ মিয়ানমারে একটি স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কাউন্সিল। ওই সিদ্ধান্তে বলা হয়েছিল, মিয়ানমারে, বিশেষ করে রাখাইন রাজ্যে সম্প্রতি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সত্যতা ও এর প্রেক্ষাপট তুলে ধরতে সভাপতি একটি তদন্ত কমিটি গঠন করবেন।
৪৭ সদস্যবিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বসম্মত ওই সিদ্ধান্তে তদন্ত কমিটিকে নিবর্তনমূলক গ্রেপ্তার, নির্যাতন ও অমানবিক আচরণ, ধর্ষণ এবং অন্যান্য যৌন নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যা, গুম, বাধ্যতামূলক বাস্তুচ্যুতি ও সম্পদ ধ্বংসের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত লোকজনের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে পুরোপুরি সহযোগিতার জন্য মিয়ানমারকে উৎসাহিত করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। মিয়ানমারের অভ্যন্তরীণ তদন্তের ফলাফল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন এলাকায় যাওয়া এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো রকম নজরদারি ও বাধা-বিপত্তি ছাড়াই পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য মিয়ানমারকে বলা হয়েছে।
মিয়ানমারে হামলার ব্যাপারে ‘অভিযোগকারীদের নিয়ে পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতের’ উল্লেখ করে আন্তর্জাতিক তদন্ত দল পাঠানোর প্রস্তাবটি দেয় ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তাবে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। জেনেভায় মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হিন লিন তাঁর দেশে জাতিসংঘের তদন্ত কমিটি পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এটিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন।
গত অক্টোবর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া ২২০ জনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে জাতিসংঘ গত মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হারে হত্যা ও গণধর্ষণ চালিয়েছে, যা অনেকটা মানবতাবিরোধী অপরাধের শামিল এবং সম্ভবত জাতিগত নিধনের চেষ্টার অংশ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত রাখাইন রাজ্য থেকে প্রাণে বাঁচতে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।