রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবিটি বেলা ১১টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা এলাকা থেকে তোলা l প্রথম আলো
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবিটি বেলা ১১টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা এলাকা থেকে তোলা l প্রথম আলো

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা এবং তাঁদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মিয়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গতকাল মঙ্গলবারও দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন বিস্তারিত:

নীলফামারীর ডোমার বাজার রেলগুমটি মোড়ে বেলা ১১টার দিকে সচেতন ডোমারবাসীর ব্যানারে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোড়াচাঁদ অধিকারী, মুক্তিযোদ্ধা মফিজার রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, নারীনেত্রী তৌহিদা জ্যোতি প্রমুখ।

হত্যা ও নির্যাতন বন্ধ করে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য দ্রুত নিরাপত্তা অঞ্চল গঠনের আহ্বান জানিয়েছে ‘সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কলন্দর আলী, সিলেট মহানগর গণফোরামের সভাপতি আনছার খান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

 গোপালগঞ্জে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন। সকালে শহরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি করা হয়। বক্তব্য দেন সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

রাখাইনে গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলন।

সুনামগঞ্জে মানববন্ধন করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুপুরে সমিতি ভবনের সামনের সড়কের এই মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন। এতে বক্তারা বলেন, মিয়ানমারে চলমান গণহত্যার বিচারের উদ্যোগ নিতে হবে।