রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক চাপে সু চির নরম সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানালার সামনে দাঁড়িয়ে এক রোহিঙ্গা শিশু। উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে।  এএফপি
জানালার সামনে দাঁড়িয়ে এক রোহিঙ্গা শিশু। উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে। এএফপি
>
  • নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পর সু চির বিবৃতি।
  • রোহিঙ্গা নিয়ে আগের চেয়ে অবস্থান কিছুটা পাল্টানোর ইঙ্গিত।

রোহিঙ্গা সমস্যার বিষয়ে এত দিন নানা অজুহাত তুলে ধরলেও অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে সুর কিছুটা নরম করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। ‘নিরাপদ প্রত্যাবাসনের’ জন্য জাতিসংঘকে যুক্ত করার এখনই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেছেন তিনি। নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের মিয়ানমার সফরকে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে মোড় পরিবর্তন বলেও মনে করেন তিনি। নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অং সান সু চি গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই মন্তব্য করেন। 

বিবৃতিটি সু চির দপ্তরের ফেসবুক পেজে গতকাল বুধবার প্রচার করা হয়েছে। নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলটি কক্সবাজারের উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মিয়ানমার গিয়ে সু চি এবং দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েংয়ের সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা দেশটির রাখাইন রাজ্যে যান।

অং সান সু চি এবং মিয়ানমার সরকার সব সময় প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করার বিরোধিতা করে আসছিল। রোহিঙ্গাদের নিয়ে হঠাৎ করে সু চির এমন সুর পরিবর্তনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের কঠোর বার্তার প্রতিফলন বলে মনে করে কূটনৈতিক মহল। কারণ, মিয়ানমার সফর শেষ করার আগে জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স রাখাইনে নির্যাতনের সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন। কারেন পিয়ার্স সেখানে বলেছিলেন, এ ক্ষেত্রে দুটো পথ আছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এটা করতে পারেন কিংবা মিয়ানমার সরকার নিজেই কাজটি করতে পারে। মিয়ানমার চাইলে জাতিসংঘ এ ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে।

জাতিসংঘে সুইডেনের রাষ্ট্রদূত ওলোফ স্কোগ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে গত মঙ্গলবার টুইট করেন। তিনি লিখেছেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল সু চির সঙ্গে আলোচনায় রাখাইনে ত্রাণকর্মীদের যেতে দেওয়া, নির্যাতনের অভিযোগের তদন্ত করা, আনান কমিশনের সুপারিশ অনুযায়ী নাগরিকত্বের বিষয়টি সুরাহা করা, রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত এবং শরণার্থীদের নিরাপদে ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের মতো বিষয়গুলো তুলেছে। টুইটে তিনি বলেছেন, আস্থা ও বিরোধের মীমাংসার বিষয়টি অবশ্যই ওপর থেকে আসতে হবে।

সু চির বিবৃতিতে যা আছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সু চি বলেন, শরণার্থীরা যাতে নির্ভয়ে রাখাইনে ফিরতে পারে, তা নিশ্চিত করা তার সরকারের পক্ষে সুবিধা হবে, যদি বিদেশিদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যায়। এ নিয়ে জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে।
নিরাপত্তা পরিষদের সফরের বিষয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর বলেন, ‘এটি যে একটি বাঁক পরিবর্তন, তা আমি নিশ্চিত। গণতান্ত্রিক মিয়ানমারে সহিংসতার কোনো স্থান নেই। ঘরবাড়ি হারিয়ে যারা পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে আনতে আমাদের জোরালো চেষ্টা করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার মূল কারণগুলোরও সুরাহা করতে হবে।’

বাংলাদেশের প্রত্যাশা
নিরাপত্তা পরিষদের কাছে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সফরের সময় প্রতিনিধিদলকে সরকারের পক্ষ থেকে একটি পত্র দেওয়া হয়। এতে সংক্ষেপে সামগ্রিক অবস্থার কিছু বিষয় তুলে ধরা হয়। এ বিষয়ে বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রথম প্রত্যাশা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের একটি সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ। আমরা বলেছি, নিরাপত্তা পরিষদ যেন কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে ও শর্তহীনভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেয়।’