রোহিঙ্গা নিয়ে আলোচনায় সু চিকে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রোহিঙ্গা শিবির
প্রথম আলো ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চীন এবার বেইজিংয়ে বৈঠক করার প্রস্তাব দিয়েছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রস্তাব দেন। অবশ্য চীনের প্রস্তাবিত ওই বৈঠকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে উপস্থিত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এ কে আব্দুল মোমেন আজ সোমবার তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানান, শেষ দফায় ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধানে জোর দিয়ে আসছে চীন। এরই অংশ হিসেবে ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডেকেছিল চীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রত্যাবাসন শুরুর জন্য ত্রিপক্ষীয় একটি কমিটিও হয়। কিন্তু কয়েক দফা বৈঠক হলেও এতেও শেষ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি দিন ঠিক ছিল। কিন্তু রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে চায়নি। এ কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বিতীয় দফার চেষ্টাও ব্যর্থ হয়।

সব মিলিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান বিশেষ করে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই। থমকে আছে চীনের মধ্যস্থতার উদ্যোগও। এই পরিস্থিতিতে বিষয়টি কথা বলার জন্য গতকাল ঢাকায় চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান পররাষ্ট্রমন্ত্রী।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যাটা অনেক দিন ধরে এক জায়গায় আটকে আছে। চীনের উদ্যোগে ত্রিপক্ষীয়ভাবে আলোচনা শুরু হয়েছিল। কোভিড-১৯–এর কারণে সেই আলোচনা আর এগোচ্ছে না। এ নিয়ে চীনের রাষ্ট্রদূতও উদ্বেগ জানিয়েছেন। চীনও প্রত্যাবাসনের বিষয়ে একমত। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে রাজি হওয়ার পরও মিয়ানমার তাদের নিচ্ছে না। এ জন্য চীনও দুঃখ প্রকাশ করেছে। তারা এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলেছি, তোমরা তাদের চাপ দাও। নির্বাচনের কারণে বিষয়টি চাপা পড়ে গেছে। তবে নির্বাচনের সময় বিষয়টি তুললে ভালো। আমরা বললাম যে নির্বাচনের সময় তোলা উচিত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় চীনের রাষ্ট্রদূত তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বেইজিংয়ে একটি বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন। মূলত রোহিঙ্গা সমস্যার হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রস্তাবিত ওই বৈঠকে আলোচনা হবে। বৈঠকের সময়সূচি চীন ঠিক করবে।

আব্দুল মোমেন আরও বলেন, ‘আমরা তো এই বৈঠকে যেতে রাজি আছি। তবে চীনের রাষ্ট্রদূতকে প্রস্তাবিত বৈঠকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে উপস্থিত করানো উচিত বলে জানিয়েছি। তিনি না হলে হবে না। রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। চীনের রাষ্ট্রদূত ওই বৈঠক নিয়ে একটা প্রস্তাব দিয়ে গেছেন।’

চার পক্ষের উদ্যোগে এক বৈঠক

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা রোহিঙ্গা সমস্যার সমাধানে ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত সহায়তা’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় অংশ নিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিতভাবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো জানতে পারিনি। তবে এটুকু জেনেছি যে রোহিঙ্গাদের জন্য বেশ কয়েক বছরের মানবিক সহায়তার পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করবে। তবে আমরা তো এতে আগ্রহী নই।

আমাদের মূল লক্ষ্য প্রত্যাবাসন। আমরা তো সাহায্য চাই না। উনারা যা তুলছেন, তা আমাদের সাথে মিলছে না। আয়োজকেরা বলছেন, আঞ্চলিক দেশগুলো রোহিঙ্গাদের আশ্রয় দেবে। তবে আমরা মনে করি, সমস্যাটা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সমস্যা।’