রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত। ছবিটি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার বিকেলে তোলা। ছবি: প্রথম আলো
কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত। ছবিটি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার বিকেলে তোলা। ছবি: প্রথম আলো

উখিয়া ও টেকনাফ সীমান্তের রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ সোমবার বিকেলে কক্সবাজার এসেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। আগামীকাল মঙ্গলবার সকালে সড়কপথে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গিয়ে একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বেলা তিনটার দিকে মার্কিন রাষ্ট্রদূত কক্সবাজারে পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) এম এম রিজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।
সেখানে মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের অবস্থা, সামাজিক নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাঁর কথা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তিনি টেকনাফ ও উখিয়ার একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।