রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী ও পুলিশের দমন–পীড়নের কারণে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা জানতে গতকাল সোমবার বিকেলে কক্সবাজারে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার সকালে তিনি সড়কপথে উখিয়া ও টেকনাফের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শনে যেতে পারেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজারে পৌঁছার পর শহরের বাহাছড়া এলাকায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরসি) কার্যালয়ে যান রাষ্ট্রদূত। সেখানে কমিশনার এম এম রিজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। সেখানে তিনি জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাঁর কথা হয়েছে। মঙ্গলবার টেকনাফ ও উখিয়ার একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে রাষ্ট্রদূতের।