রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় যুক্তরাষ্ট্রের চার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা শরণার্থী সমস্যার সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছে মার্কিন প্রতিনিধিদল। তিন দিনের এ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের চার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা কক্সবাজারের শরণার্থী শিবির ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ প্রতিনিধিদল আজ ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মুস্তাফা কামালের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ে কথা বলবে।মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনু বিভাগ সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদলের দুই সদস্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজারের দুই শরণার্থী শিবির ঘুরে দেখবেন।মার্কিন দূতাবাসের সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি আজ মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে। কেলি ক্লিমেন্টস ও ড্যান বায়ের ছাড়া দলের অন্য দুই সদস্য হচ্ছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জোয়ে ইয়ুন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আইরিস।সূত্র জানায়, গত জুনের জাতিগত সংঘাতের পর রাখাইন প্রদেশের রোহিঙ্গারা কেমন আছে তা দেখতে মার্কিন প্রতিনিধিদল মিয়ানমার ও বাংলাদেশ সফর করছে। গত শনিবার তারা রাখাইন প্রদেশে যায়। তারা রাজধানী নেপিডোতে প্রেসিডেন্টের উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। দাঙ্গাকবলিত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সহায়তা-প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করে তারা।