রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ পাঁচ বছর
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বন্ধ প্রায় পাঁচ বছর ধরে। এর মধ্যে প্রতিদিনই নতুন করে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকছে তারা। সব মিলে কক্সবাজার ও বান্দরবানে রোহিঙ্গা রয়েছে প্রায় তিন লাখ। মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের কারণে সৃষ্টি হচ্ছে নানা সামাজিক সমস্যা। আর তাদের নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ-অসন্তোষ তীব্র হচ্ছে দিন দিন।তিন লাখ: কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে দুই লাখ ৮৫ হাজার ৩২৯ জন রোহিঙ্গা রয়েছে। এর মধ্যে উখিয়ার কুতুপালং শিবিরে রয়েছে ১৪ হাজার ১৫ জন, টেকনাফের নয়াপাড়ায় আট হাজার ৫৮৯ জন এবং টেকনাফের নিলা ইউনিয়নের লেদা গ্রামের একটি শিবিরে অবস্থান করছে আরও ১২ হাজার ৭২৫ জন রোহিঙ্গা। এ ছাড়া ওই দুই জেলায় বিচ্ছিন্নভাবে বাস করছে আরও আড়াই লাখ রোহিঙ্গা।নতুন করে অনুপ্রবেশ: ৩ ফেব্রুয়ারি রাতে নাফ নদী পার হয়ে সাত সদস্যের পরিবার নিয়ে টেকনাফের জাদিমুরা গ্রামে অনুপ্রবেশ করেন মিয়ানমারের মংডু শহরের সিকদারপাড়ার রমজান আলী। রমজান বলেন, মিয়ানমারে কোনো কাজ নেই। সামরিক জান্তা রোহিঙ্গা পুরুষদের ধরে নিয়ে বিনা পারিশ্রমিকে নানা কাজে খাটাচ্ছে। প্রতিবাদ করলেই অত্যাচার-নির্যাতন। এ কারণে দেশ ছেড়ে চলে এসেছেন।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, জালিয়াপাড়া, জাদিমুরা, লেদা, হোয়াইক্যং; উখিয়া উপজেলার পালংখালী, বালুখালী, ঘুমধুম, রহমতেরবিল ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, আমতলী, বাইশারী দিয়ে প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, গত কয়েক মাসে অনুপ্রবেশের সময় বিডিআর প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।তবে ‘টেকনাফ অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রতিরোধ সংগ্রাম কমিটি’র সভাপতি মোজাম্মেল হক জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রোহিঙ্গাদের ধরে এক সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠালেও অন্য সীমান্ত দিয়ে তারা ফের ঢুকে পড়ছে।প্রত্যাবাসন বন্ধ পাঁচ বছর: ১৯৯১ সালে নাফ নদী অতিক্রম করে দুই লাখ ৫০ হাজার ৮৭৭ রোহিঙ্গা কক্সবাজার ও বান্দরবানে আশ্রয় নেয়। ১৯৯৭ সাল পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৫৯৭ রোহিঙ্গা শরণার্থী ফিরে গেলেও অবশিষ্ট রোহিঙ্গার প্রত্যাবাসন দীর্ঘ ১৮ বছরেও শেষ করা যায়নি। সর্বশেষ প্রত্যাবাসনটি হয়েছিল ২০০৫ সালের ৫ মে। ওই দিন একটি পরিবারের দুজন রোহিঙ্গা শরণার্থী ফিরে যায়। সে সময় টেকনাফ ও উখিয়ার দুটি শিবিরে অবস্থানরত ২০ হাজার ৫৫৬ শরণার্থীর মধ্যে আট হাজার ৪৪৭ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছিল মিয়ানমার। কিন্তু গত প্রায় পাঁচ বছরেও এ বিষয়ে আর অগ্রগতি হয়নি।উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হচ্ছে। এ কারণে অনেক রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছে।