রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ব্যাংকক ও বালিতে বৈঠক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরুর লক্ষ্যে ব্যাংককে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রত্যাবাসনের পদ্ধতি নির্ধারণের জন্য এরপর ইন্দোনেশিয়ার বালিতে একটি সম্মেলন হবে। গতকাল রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে সাক্ষাতের পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি জেমস লিঞ্চ এ তথ্য জানান। ইউএনএইচসিআর প্রতিনিধি বলেন, বাংলাদেশে নিবন্ধিত প্রায় ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এদের একটি বড় অংশ এ দেশে জন্ম নিয়েছে। গত সাত বছর মিয়ানমার সরকার এ বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি ঘটেছে। তিনি বলেন, তবে বাংলাদেশে থাকা অনিবন্ধিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। খাদ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীসহ যেকোনো শরণার্থী প্রত্যাবাসনে উৎস দেশ নিয়ে কাজ করতে হবে। কোন দেশ থেকে শরণার্থীরা কেন এসেছে, ইএনএইচসিআরকে সে বিষয়ে গুরুত্ব দিয়ে প্রত্যাবাসন কর্মসূচি চালাতে হবে। মিয়ানমার সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি।’ তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। বাংলাদেশের মতো একটি সীমিত সম্পদের দেশের জন্য দীর্ঘদিন এ ভার বহন করা অত্যন্ত কষ্টকর। তবুও মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব এম আসলাম আলম জানান, মানবিক আলোচনার অংশ হিসেবে কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরে এ ধরনের একটি বৈঠক হয়েছিল।