রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর অনুরোধ জানাবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ফের শুরু করতে মিয়ানমারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। ১৪ জুন থেকে অনুষ্ঠেয় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়টি সুরাহার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। তবে অন্য খাতে সহযোগিতা সম্প্রসারণ যাতে পিছিয়ে না যায়, তার ওপরও জোর দেবে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের দুই শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং শিবিরের বাইরে থাকা কয়েক লাখ মিয়ানমারের নাগরিককে প্রত্যাবাসনের বিষয়টিতে ঢাকা বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের এ অবস্থান মিয়ানমারের কাছে পৌঁছে দিতে এ সফরের সময় পররাষ্ট্রসচিব শহীদুল হক রাখাইন রাজ্যের সিটুয়েতে যাবেন। গত বছর দুই দফা জাতিগত সংঘাতের পর সেখানকার বাস্তুচ্যুত লোকজনের অবস্থা ও তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতেই ওই এলাকা পরিদর্শন করবেন তিনি।

জানা গেছে, সীমান্তের দুই পারের দেশ হলেও দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতা তেমন নিবিড় নয়। এ পরিস্থিতিতে এবারের বৈঠকে দুই সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা বাড়াতে একটি কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে।

 পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ মনে করে, মিয়ানমারের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই প্রতিবেশীর সম্পর্ক জোরদার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফরের সময় থেইন সেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১১ সালের ৫ থেকে ৭ ডিসেম্বর মিয়ানমার সফর করেছিলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, উপকূলীয় জাহাজ চলাচল ও সরাসরি বিমান চলাচল শুরু, গ্যাস আমদানিসহ জ্বালানি খাতে সহযোগিতা, সীমান্তে চোরাচালান বন্ধের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ওই কর্মকর্তা জানান, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে শহীদুল হক ইয়াঙ্গুনে মিয়ানমারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের (ওয়াইএমএফসিসিআই) নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয় নিয়ে তাঁরা কথা বলবেন।

দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এটি হবে সপ্তম বৈঠক। গত বছরের ১ জুলাই ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে অমীমাংসিত সমস্যা সমাধানের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে কথা হবে।   

সিটুয়ে সফরের তাৎপর্য: পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়ের তালিকার শুরুতেই রয়েছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন। পাশাপাশি শরণার্থী শিবিরের বাইরে থাকা মিয়ানমারের লোকজনকে ফিরিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ। 

দুই দেশ ইতিপূর্বে কক্সবাজারের দুই শিবিরে থাকা প্রায় ২৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে প্রত্যাবাসনে রাজি হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমার দুই হাজার ৪১৫ শরণার্থীকে তাদের নাগরিক হিসেবে প্রত্যয়ন করেছিল। এর মধ্যে ১০টি পরিবারের শরণার্থীরা স্বদেশে ফিরতে রাজি হয়। কিন্তু রাখাইন রাজ্যের গত বছরের জাতিগত সংঘাতের পরিপ্রেক্ষিতে শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে যায়। 

জানা গেছে, গত বছরের জুন ও অক্টোবরের জাতিগত সংঘাতের কারণে রাখাইন রাজ্যের প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এদের কেউ কেউ সংঘাতের সময় বাংলাদেশে ঢুকে পড়েছিল। এ অবস্থায় সর্বশেষ পরিস্থিতি জানতে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি রাখাইন রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলবে বাংলাদেশ।